নেপালে নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি: এক মাস পরেও খোঁজ নেই, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক পরিবারের, ডিএনএ নমুনা দিলেন পুত্র

নেপালে জলপ্রলয়ে নিখোঁজ বসিরহাটের শিক্ষক দম্পতি অনুকূল ও রেবা পোদ্দার। এক মাস পরেও খোঁজ মেলেনি। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, ডিএনএ নমুনা দিলেন পুত্র।

Share:

ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৬: নেপালের ভয়াবহ জলপ্রলয়ের এক মাস পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দারের। তাঁদের সন্ধানে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকার বাসিন্দারা। সম্প্রতি নিখোঁজ দম্পতির পরিবারের সদস্যরা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চিন সীমান্তে আটকে থাকা ভারতীয়দের তালিকা নিয়েও খোঁজ নেওয়া হয়, তবে ওই তালিকায় অনুকূল ও রেবা পোদ্দারের নাম নেই বলে জানানো হয়েছে, যা পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

জানা গিয়েছে, গত ২১শে আগস্ট মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শিক্ষক দম্পতি রওনা দিয়েছিলেন। তাঁদের সঙ্গে সহযাত্রী হিসেবে ছিলেন স্বপন মণ্ডল ও মৌ মণ্ডল। স্বপন ও মৌ মণ্ডল জীবিত অবস্থায় বাড়ি ফিরে এলেও অনুকূল ও রেবা পোদ্দারের এখনও কোনও সন্ধান মেলেনি। এই দীর্ঘ এক মাস ধরে তাঁদের কোনও খবর না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। পরিবার সূত্রে খবর, নিখোঁজ শিক্ষক দম্পতির ছেলে ইতিমধ্যেই ডিএনএ নমুনা দিয়েছেন। নিখোঁজদের পরিচয় শনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় চার সপ্তাহ পর ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সরকার তাঁদের কাছে নতুন তথ্য জানাবে। রাজ্য সরকার পরিবারের পাশে থাকার এবং সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে।

একদিকে নেপালে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে প্রিয়জনের কোনও খোঁজ না মেলায় পরিবারের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। রাজ্য সরকার যেন দ্রুত তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানায়, এই দাবি জানিয়েছে পরিবার। বসিরহাটের সহকর্মী ও স্থানীয় বাসিন্দারাও তাঁদের দ্রুত সন্ধান পাওয়ার অপেক্ষায় রয়েছেন। এখন নিখোঁজ শিক্ষক দম্পতির সন্ধানে পরবর্তী সরকারি তথ্যের অপেক্ষায় পরিবার ও বসিরহাটবাসী।