‘পাতে খাবার, নাকি বিপদ’? রাত পর্যন্ত চলল অভিযান, হাসপাতাল চত্বরে ফুড সেফটি অভিযানে বন্ধ একাধিক দোকান….

ডায়মন্ড হারবার হাসপাতাল সংলগ্ন খাবারের দোকানে পুরসভার ফুড সেফটি বিভাগের অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির অভিযোগে বন্ধ হল কয়েকটি দোকান, সতর্ক অন্যান্যরা।

Share:

ব্যুরো রিপোর্ট, 26 September :  ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার খাবারের দোকানগুলিতে আচমকা অভিযান চালাল ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি বিভাগ। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে একাধিক দোকানে খাবারের গুণমান, পরিচ্ছন্নতা এবং খাবার পরিবেশনের পদ্ধতি খতিয়ে দেখা হয়। অভিযোগ, বেশ কিছু দোকানে খাবার তৈরির পরিবেশ ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়ে। এরপরই জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য দোকানদারদেরও সতর্ক ও সচেতন করা হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হাসপাতাল সংলগ্ন বেশ কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছিল বলে অভিযোগ আসছিল। কোথাও খাবার খোলা অবস্থায় রাখা, কোথাও রান্নার জায়গার অপরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠছিল। রোগী এবং তাঁদের পরিজনদের স্বাস্থ্যের কথা ভেবেই এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় দোকানের সামগ্রিক পরিচ্ছন্নতা, রান্নার সামগ্রী, খাবার সংরক্ষণের পদ্ধতি এবং স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন আধিকারিকরা। কয়েকটি দোকানে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের প্রমাণ মেলায় সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়। যেসব দোকানে তুলনামূলকভাবে কম সমস্যা ছিল, তাদের ব্যবসায়ীদের খাবার ঢেকে রাখা, পরিষ্কার জায়গায় রান্না করা এবং বাসি খাবার পরিবেশন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার পৌরসভার ফুড সেফটি অফিসার ডক্টর মুকুলিকা বাগচী জানান, মানুষের স্বাস্থ্য নিয়ে কোনওরকম আপস করা হবে না। বিশেষ করে হাসপাতালের মতো সংবেদনশীল এলাকায় খাবারের দোকান চালানোর ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই অভিযান হাসপাতাল চত্বরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।