ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: হাওড়ার বাঁকড়া বটতলা এলাকায় দেড় বছরের এক শিশুকে চুরির চেষ্টার অভিযোগে এক মহিলাকে হাতেনাতে ধরে ফেললেন শিশুটির মা। শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুদিখানার দোকানের সামনে চেয়ারে বসেছিল শিশুটি। পাশেই দাঁড়িয়েছিলেন তার মা জিন্নাতুল খাতুন। অভিযোগ, আচমকাই এক অপরিচিতা মহিলা এসে শিশুটির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরেই মা দ্রুত শিশুটির হাত ধরে ফেলেন।
অভিযোগ, এরপরই ওই মহিলা ডান্ডা নিয়ে শিশুটির মাকে মারতে উদ্যত হন। মায়ের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত মহিলাকে ধরে ফেলেন। উত্তেজিত জনতা এরপর ওই মহিলাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাঁকড়া পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ দ্রুত ওই মহিলাকে জনতার রোষ থেকে উদ্ধার করে আটক করে। শিশুটির মা জিন্নাতুল খাতুন জানান, “দু-এক সেকেন্ড দেরি হলে হয়তো আমার সন্তানকে কোলে তুলে নিয়ে চলে যেত।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, আটক মহিলা কথা বলতে পারেন না। কেন তিনি শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছিল। প্রশাসনের সচেতনতা প্রচারে সেই ধরনের অপরাধ বন্ধ হলেও, হাওড়ায় ফের এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।








