ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: মহালয়ার আগে পুজোর মরসুমের মুখে কলকাতার রেস্তোরাঁগুলিতে কড়া অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং উৎসবের মরসুমে খাবারের গুণমান বজায় রাখতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় কস্তুরী, আহারে বাঙালি, কলকাতা রাজবাড়ী, ভূতের রাজা দিল বর-সহ একাধিক নামী রেস্তোরাঁয় হানা দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। মূলত রেস্তোরাঁগুলিতে খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং প্যাকেটজাত খাবারের মেয়াদ বা এক্সপায়ারি ডেট ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ফ্রোজেন খাবার কতদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই বিষয়টিও পরীক্ষা করা হয়। অভিযানের সময় প্রত্যেকটি রেস্তোরাঁ থেকেই খাবার এবং মশলার নমুনা সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। অভিযানে বেশ কিছু গুরুতর অনিয়ম নজরে আসে। কোথাও খোলা অবস্থায় খাবার রাখা ছিল, যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আবার কোথাও মশলা ও গ্রেভির ক্ষেত্রে ছিল না কোনও ডেট মার্ক, ফলে সেগুলির মেয়াদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। মাছ-মাংসের ক্ষেত্রেও বেশ কয়েকদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা বাসি খাবার পাওয়া যায়। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা অবিলম্বে সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেন।
এছাড়াও একটি দোকানে পাউরুটির প্যাকেটে কোনও লেবেল ছিল না এবং মেয়াদ পেরিয়ে যাওয়া পাউরুটিও মজুত করে রাখা হয়েছিল। সেগুলিও নষ্ট করার নির্দেশ দেওয়া হয়। পুরসভা জানিয়েছে, পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই খাবারের গুণমান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ করা হবে। নাগরিকদের স্বাস্থ্যবিধি ও খাবারের গুণমান নিশ্চিত করতে পুজোর আগে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।








