কলকাতা পুরসভার নিকাশি ও নাগরিক পরিষেবা উন্নয়নে একাধিক নতুন প্রকল্প উদ্বোধন, জোর স্বচ্ছতা ও সচেতনতায়

কলকাতা পুরসভার নিকাশি ও নাগরিক পরিষেবা উন্নয়নে নতুন প্রকল্প। বি.বি. গাঙ্গুলি স্ট্রিটের নিকাশি সংস্কার, বায়ো-টয়লেট চালু। স্বচ্ছতা ও সচেতনতায় জোর।

Share:

ব্যুরো নিউজ, ৮ অক্টোবর ২০২৬: কলকাতা পুরসভার নিকাশি ও পরিষেবা পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি দেশবন্ধু পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুর পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায় এবং পুর প্রশাসক স্মিতা পান্ডে। শহরের দীর্ঘদিনের জলজমার সমস্যা কমাতে বি.বি. গাঙ্গুলি স্ট্রিটের ব্রিটিশ আমলের ইঁটের নিকাশি নালার সংস্কার করা হয়েছে। চৌরঙ্গী বিধানসভা এলাকার প্ল্যানিং ও ডেভেলপমেন্ট দফতরের উদ্যোগে বিবাদী বাগ পূর্ব থেকে এপিসি রোডের সংযোগস্থল পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ এই নালার পলি তোলা এবং লাইনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রায় ৩৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই সংস্কারের ফলে বর্ষার সময় মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমার সমস্যা অনেকটাই কমবে বলে পুরসভা দাবি করেছে। মন্ত্রী তাপস রায় জানান, ২৪ মাসের কাজ মাত্র ১৩ মাসে শেষ করেছেন পুরসভার ইঞ্জিনিয়াররা।

অন্যদিকে, মানিকতলা বিধানসভা এলাকার উত্তরণ পরিষেবা দফতরের উদ্যোগে ২৮টি পোর্টেবল বায়ো-টয়লেটও পরিষেবায় আনা হয়েছে, যার মধ্যে ২০টি ইন্ডিয়ান টাইপ এবং ৮টি ওয়েস্টার্ন টাইপের। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, গত ১৫ বছরে যে কাজ হয়নি, বর্তমান সরকার তা দ্রুততার সঙ্গে করছে। তিনি পিঙ্ক টয়লেট চালুর পরিকল্পনা, বাড়ি বাড়ি কিউআর কোড স্থাপন এবং বর্জ্য পৃথকীকরণের উপর জোর দেন। পাশাপাশি, নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার এবং ডেঙ্গি প্রতিরোধে সতর্ক থাকার বার্তা দেন তিনি।