মালদায় সোনার দোকানে লক্ষাধিক টাকার গয়না চুরি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কলকাতা থেকে ধৃত ২ মহিলা

মালদায় সোনার দোকানে ১.৭২ লক্ষ টাকার চেন চুরি, সিসিটিভি ফুটেজ দেখে কলকাতা থেকে ২ মহিলাকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া গয়না।

Share:

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: সোনার গয়না কেনার অছিলায় দোকানে ঢুকে প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের সোনার চেন চুরির অভিযোগে কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। গত ৮ অক্টোবর ইংরেজবাজারের বিএস রোডে স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে এই ঘটনা ঘটেছিল। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং সেই সূত্র ধরেই তাদের জালে তোলে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুই মহিলা গয়না দেখার নাম করে দোকানে ঢোকে এবং কৌশলে ১২ গ্রাম ওজনের একটি সোনার চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয়।

বিএস রোডের পরপর তিনটি দোকানে তাদের গতিবিধি সিসি ক্যামেরায় ধরা পড়ে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে। ঘটনার পর থেকেই ইংরেজবাজার থানার পুলিশ আইসি পঙ্কজ সিংয়ের নির্দেশে অফিসার আনসারুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে। তদন্তকারী দল কলকাতার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোনিয়া ইয়াসমিন (৩৮, বাড়ি বুনারটি, উত্তর ২৪ পরগনা) এবং মুমতাজ বিবিকে (৫২, বাড়ি ধর্মতলা, কলকাতা) গ্রেফতার করে। চুরি যাওয়া সোনার চেনটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। সাম্প্রতিককালে সোনার দোকানে পরপর চুরি ও ছিনতাইয়ের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করায় স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার ইংরেজবাজার থানার পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। পুলিশ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে।