ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর আনন্দ ফিকে হুগলির বাঁশবেড়িয়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে। দীর্ঘ চার মাস ধরে পেনশন বন্ধ থাকায় অবশেষে পুরসভার সামনে বিক্ষোভে শামিল হলেন তাঁরা। উৎসবের মরসুমেও হকের টাকা না পেয়ে চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছেন প্রাক্তন কর্মীরা। জানা গিয়েছে, বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন কর্মীরা তাঁদের বকেয়া পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে আজ পুরসভা চত্বরে একত্রিত হন। আজ সকালে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে অবসরপ্রাপ্ত সমিতির সদস্যরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করেন।
তাঁদের মূল অভিযোগ, মাসের পর মাস ধরে পেনশন বন্ধ থাকা সত্ত্বেও পুরসভা কর্তৃপক্ষ কোনও সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না। এর আগেও বহুবার মৌখিকভাবে এবং লিখিতভাবে পুরসভাকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সুরাহা মেলেনি। এমনকি, মাঝে দু’মাসের বকেয়া পেনশন দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন বলে জানান। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে তাঁদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। এই বয়সে পেনশনের টাকা না পেলে দৈনন্দিন জীবনযাপন চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। অনেকে অসুস্থতা ও চিকিৎসার খরচ নিয়েও উদ্বেগে রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে পুরসভা চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কৌতূহল দেখা দিয়েছে। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে তাঁদের দাবি-দাওয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখন দেখার, এই বিষয়ে বাঁশবেড়িয়া পুরসভা কী পদক্ষেপ গ্রহণ করে এবং কবে নাগাদ অবসরপ্রাপ্ত কর্মীরা তাঁদের ন্যায্য পাওনা ফিরে পান, সেদিকেই তাকিয়ে সকলে।








