ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: বিনা বৃষ্টিতেই নদীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের দুলকি এলাকায়। ৬ নম্বর সোনাগাঁ এলাকার ১৭৯ নম্বর বুথের হালদার পাড়ার নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নদীবাঁধের পাড় সংলগ্ন এলাকায় বসবাসকারী একটি পরিবারের ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে তলিয়ে গেছে।
স্থানীয় সূত্রে খবর, গতকাল বেলা চারটে নাগাদ নদীবাঁধে বিশাল ফাটল লক্ষ্য করেন এলাকার মানুষ। বেলা গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গেই বাঁধের একটি বড় অংশ নদীতে তলিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয়রা। রাতেই নদীবাঁধ ভাঙনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাত থেকেই দুর্গত এলাকার মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। নদীর জল লোকালয়ে ঢুকে পড়লে যাতে বড়সড় বিপর্যয় না ঘটে, সেই আশঙ্কা থেকেই বাসিন্দাদের নিরাপত্তায় তৎপরতা শুরু করেছে প্রশাসন। অন্যদিকে, ভেঙে যাওয়া নদীবাঁধ দ্রুত সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু না হলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
বিধায়ক বিকর্ণ নস্কর ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এবং জানিয়েছেন, নদীবাঁধ সংস্কারের কাজ দ্রুত শুরু হচ্ছে। রাতের অন্ধকারে নদীবাঁধ ভাঙন ঘিরে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তাঁদের একটাই দাবি, দ্রুত বাঁধ মেরামত করে গ্রামকে প্লাবনের হাত থেকে রক্ষা করা হোক।








