ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: পুজোর মরসুমে যখন আট থেকে আশি প্যান্ডেল হপিংয়ে মশগুল, তখনই মন খারাপের খবর নিয়ে এল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের বেশিরভাগ অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও, দক্ষিণবঙ্গের কিছু অংশে এর প্রভাব এখনও রয়ে গিয়েছে। বিশেষত পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার কিছু অংশে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও, বিকেল গড়াতেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যেতে পারে। এর প্রভাবে চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম জেলার এক-দু’জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পঞ্চমী ও ষষ্ঠীতেও উপকূল অঞ্চলের জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আগামীকাল সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, দুপুরের পর আংশিক মেঘ দেখা যাবে। বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার কোনও পূর্বাভাস নেই। তাই বাইরে বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে ১৬, ১৭ ও ১৮ অক্টোবর অর্থাৎ, শুক্র, শনি ও রবিবার উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকতে পারে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।








