ফারাক্কা বাঁধ ভাঙার দাবিতে সরব বাংলাদেশ: সমাধান হবে কি গঙ্গা-পদ্মার সমস্যা?

ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবিতে সরব বাংলাদেশের বিশেষজ্ঞরা। তাদের দাবি, এতে গঙ্গা-পদ্মার পরিবেশ ও নাব্যতা রক্ষা পাবে, বন্যা কমবে এবং উভয় দেশই উপকৃত হবে।

Share:

ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর ২০২৬: গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার দাবিতে সরব হয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞ মহলের একাংশ। তাদের দাবি, এই বাঁধ গঙ্গা-পদ্মা অববাহিকার পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে, যা পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাপন ও চাষাবাদে নানা সমস্যা তৈরি করছে। তাদের মতে, ফারাক্কা বাঁধ ভেঙে দিলেই কলকাতার বন্দরের নাব্যতা রক্ষা পাবে, বন্যার পাশাপাশি নদীতে চর পড়া বন্ধ হবে এবং নৌপথে যাতায়াতও স্বাভাবিক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাঁধটি ভেঙে ফেললে মালদহের বিস্তীর্ণ অঞ্চল বন্যার হাত থেকে রক্ষা পাবে।ভারত ও বাংলাদেশ উভয়ই উপকৃত হবে।

শুষ্ক মরসুমে বাংলাদেশ পর্যাপ্ত জল পাবে এবং পদ্মা ব্যারেজের প্রয়োজন পড়বে না। দ্রুত ফারাক্কা ব্যারেজ সরিয়ে গঙ্গার গতিপথ স্বাভাবিক করা প্রয়োজন, যা দুই দেশের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষিত রাখবে। উল্লেখ্য, প্রতি বছরই ভারত সরকারকে ফারাক্কা ব্যারেজের দীর্ঘ নদীপথ ড্রেজিং করতে হয়। দেশের অভ্যন্তরেও এর আগে বেশ কয়েকবার বন্যা পরিস্থিতি আটকাতে ফারাক্কা বাঁধ সরিয়ে ফেলার দাবি উঠেছিল। তবে এ বিষয়ে ভারত বা বাংলাদেশ, কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।