কোচবিহারের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার, খুনের অভিযোগ পরিবারের

কোচবিহারের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। পরিবারের অভিযোগ, রোগীকে গলা টিপে খুন করা হয়েছে ও হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল।

শনিবার সকালে এই ঘটনায় হাসপাতাল চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মৃতের পরিবারের অভিযোগ, রোগীকে গলা টিপে খুন করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার গাফিলতি ঢাকতে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

মৃত রোগীর নাম দীপঙ্কর সরকার। তিনি তুফানগঞ্জের চামটার বাসিন্দা এবং পেশায় একজন চিকিৎসক ছিলেন। পরিবারের সদস্যরা জানান, দশমীর দিন পেটে ব্যথার সমস্যা নিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে কোচবিহারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতেও তিনি সুস্থভাবে কথা বলছিলেন। কিন্তু মধ্যরাতে হাসপাতাল থেকে ফোন করে তাঁর অবস্থার অবনতির কথা জানানো হয়। এরপর সকালে হাসপাতালে এসে দীপঙ্কর সরকারের মৃত্যুর খবর পান আত্মীয়রা।

এই খবর পাওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনেরা। তাঁরা সরাসরি খুনের অভিযোগ তোলেন এবং হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের বচসা ও ধাক্কাধাক্কি হয়। এই সংঘর্ষে মৃতের এক আত্মীয়ের রক্তপাতও হয় বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই দীপঙ্করের মৃত্যু হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। হাসপাতাল অবশ্য গাফিলতির অভিযোগ মানতে নারাজ।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।