ভারত-বাংলাদেশ সীমান্ত মেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান: নষ্ট ৪৩৫ কেজি অনুপযোগী সামগ্রী

ভারত-বাংলাদেশ সীমান্ত মেলায় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে নষ্ট ৪৩৫ কেজি অনুপযোগী খাবার ও বরফ। FSSAI লাইসেন্স বাধ্যতামূলক, জনস্বাস্থ্যের সুরক্ষায় জোর।

Share:

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: পুজো উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটের স্বরূপনগরের তেঁতুলিয়ায় ইছামতী নদীর তীরে বসেছিল এক বিশাল মেলা।

এই মেলায় বিক্রি হওয়া খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় বিশেষ অভিযানে নামে খাদ্যসুরক্ষা দপ্তর। স্থানীয় থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে চালানো এই অভিযানে প্রায় ২০০ কেজি শিল্পক্ষেত্রে ব্যবহৃত বরফ এবং ২৩৫ কেজি খাদ্য হিসেবে অনুপযোগী সামগ্রী নষ্ট করা হয়েছে। জনস্বাস্থ্যের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

অভিযানে দেখা যায়, সরবত তৈরিতে ব্যবহৃত বরফ মানুষের খাওয়ার উপযোগী নয়। অভিযোগ, এই বরফ মূলত শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি হলেও তা পানীয়তে ব্যবহার করা হচ্ছিল। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে উদ্ধার হওয়া বরফ নষ্ট করে দেওয়া হয়। এছাড়া, মেলায় বিক্রির জন্য রাখা মিষ্টি গজার মধ্যেও কৃত্রিম রাসায়নিক রঙের উপস্থিতি পাওয়া যায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফলে সংশ্লিষ্ট মিষ্টিগুলিও নষ্ট করা হয়।

সব মিলিয়ে প্রায় ৪৩৫ কেজি অনুপযোগী খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত ও নষ্ট করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, মেলার মতো জনসমাগমপূর্ণ স্থানে খাবারের গুণমান নিয়ে যাতে কোনো আপস না হয়, তা নিশ্চিত করতেই এই তৎপরতা। এবার থেকে মেলায় খাবারের দোকান বসাতে FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। খাদ্য সুরক্ষার নিয়ম মেনে ব্যবসা করা এবং ক্রেতাদের কাছে নিরাপদ খাবার পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিভিন্ন মেলা ও উৎসবে অস্থায়ী দোকানে তৈরি খাবার ও পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ প্রায়শই সামনে আসে। সেই পরিস্থিতিতে তেঁতুলিয়ার মেলায় এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সীমান্ত এলাকার হাজার হাজার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।