ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর ২০২৬: বারাসাতের টাকি রোড লাগোয়া শিমুলতলার শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্র এই বছর তাদের শ্যামাপূজার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে।
এবারের মণ্ডপ সেজে উঠেছে এক বিশেষ থিমে, যা দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে। এবারের মণ্ডপ শয্যার মূল ভাবনা হল ‘অটল অনন্তম শক্তি বন্দনা ২০২৬’। শিল্পী ভবতোষ সুতারের নিপুণ হাতে এই থিম জীবন্ত হয়ে উঠেছে। পূজোর প্রধান পৃষ্ঠপোষক তথা বিজেপি নেতা সুবীর শীল জানান, মানুষের দীর্ঘদিনের ইচ্ছাকে পূরণ করতেই শক্তির আধার ও সৃষ্টির উৎসমুখ মহাকাল, সেই সৃষ্টির অনন্ত চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। তিনি আরও বলেন, শিব ও শক্তির সেই আদি ও অকৃত্রিম মহাশক্তিকে এক অভিনব উপায়ে তুলে ধরা হচ্ছে।
মণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করলে দর্শনার্থীরা লেসার শো-এর মাধ্যমে শিব-শক্তির এই মহাজাগতিক রূপ প্রত্যক্ষ করতে পারবেন। সুবীর শীল আরও বলেন, এই বিশেষ আয়োজন কেবল পূজোর আনন্দই নয়, বরং সনাতন ধর্মের গভীর দর্শনকেও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের সদস্যরা জানান, সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এই বছর থিম এবং তার উপস্থাপনা এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নে পূজো সম্পন্ন করার সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পূজো শুধু শিমুলতলা নয়, সমগ্র বারাসাত অঞ্চলের মানুষের কাছে এক মিলনক্ষেত্র হয়ে উঠেছে।








