আসন্ন পুরভোটে ২২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করছে বিজেপি, নাম নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে

আসন্ন পুরভোটে ২২ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করছে বিজেপি। পানীয় জল, নিকাশি, রাস্তা ও আলোর মতো পৌর পরিষেবা দ্রুত পৌঁছে দিতে অভিজ্ঞ মুখ খুঁজছে দল।

Share:

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: রাজ্য বিজেপি আসন্ন পুরভোটে কিছু ‘দাগহীন অথচ অভিজ্ঞ’ প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে প্রার্থী করার পথে হাঁটছে।

নাগরিক চাহিদা দ্রুত মেটানো এবং পানীয় জল, নিকাশি, রাস্তা ও আলোর মতো দৈনন্দিন পৌর পরিষেবা চটজলদি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে উত্তর কলকাতার ৭ জন, দক্ষিণ কলকাতার ১২ জন এবং যাদবপুর-টালিগঞ্জের ৩ জনকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করা হয়েছে। স্থানীয়স্তরে স্বচ্ছ ভাবমূর্তি ও পৌর পরিষেবা দেওয়ায় সুনামকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্ভাব্য টিকিট প্রাপক এই ২২ জনের মধ্যে বিদায়ী বোর্ডের অন্তত চারজন প্রাক্তন মেয়র পারিষদ ও তিনজন বরো চেয়ারম্যান আছেন বলে বিদ্রোহী তৃণমূল শিবির সূত্রে খবর।

বিদ্রোহী তৃণমূল সূত্রে দাবি, এই সংখ্যাটি ৩০ পর্যন্ত হতে পারে। বাংলায় ছয়মাস সরকার চালিয়ে বিজেপি উপলব্ধি করেছে যে, রাজ্য সরকার ও কলকাতা কর্পোরেশন দুটি পৃথক পরিষেবা ক্ষেত্র। বিশেষ করে কলকাতার মতো বিশাল মহানগরের জল, আলো, নিকাশি ও রাস্তা মেরামতির মতো দৈনন্দিন পৌর পরিষেবা দিতে হলে পুরসভায় কাজ করা অভিজ্ঞ জনপ্রতিনিধি প্রয়োজন। এই কারণেই তারা প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের দিকে ঝুঁকছে।

অন্যদিকে, মমতা-তৃণমূল সঙ্গে থাকা প্রাক্তন কাউন্সিলররা ছাড়াও একঝাঁক নতুন মুখকে এবার প্রার্থী করছে। স্বপন সমাদ্দার, তপন দাশগুপ্ত, অনিতা কর মজুমদারের মতো পুরোনো মুখ যেমন প্রার্থী হচ্ছেন, তেমনই ছাত্র, যুব ও আইটি সেল থেকে অনেকেই টিকিট পাবেন। আসন্ন পুরভোটে এই দুই প্রধান দলের রণকৌশল রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে।