ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর ২০২৬: বক্সা টাইগার রিজার্ভে বাঘ ফেরানোর প্রচেষ্টা ফের বিশাল ধাক্কা খেল। বিহার থেকে আনা বাঘিনি এক মাসের মধ্যেই অসমের রাইমোনা জাতীয় উদ্যানের উদ্দেশ্যে পাড়ি দিল। রাজ্যের বনদপ্তর বাঘিনিটির খোঁজে তল্লাশি শুরু করেছে।
গত ২রা অক্টোবর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে তিন বছর বয়সী এই বাঘিনিকে বক্সায় আনা হয়েছিল। হারকিউলিস বিমানে করে কড়া নিরাপত্তার মধ্যে তাকে বক্সার জঙ্গলে ছাড়া হয়। সেই সময় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন।
কিন্তু এক মাসও কাটতে না কাটতেই সে কুমারগ্রামের রায়ডাক নদী পেরিয়ে অসমে চলে যায়। এই ঘটনার পর বক্সা টাইগার রিজার্ভের একটি বিশেষ দল রাইমোনায় পৌঁছেছে। অসমের মানস ও কাজিরাঙ্গা থেকেও বন আধিকারিকরা সেখানে গিয়ে বাঘিনিটির গতিবিধির উপর নজর রাখছেন।
বক্সা টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টর কুমার বিমল এই প্রসঙ্গে বলেন, “অসমে আমাদের দল রয়েছে। বাঘিনিকে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে।” রাইমোনা জাতীয় উদ্যানের ডিএফও মুস্তাফা আলি আহমেদও বাঘিনির রাইমোনায় আসার কথা নিশ্চিত করে জানান, বক্সা টাইগার রিজার্ভের অফিসাররা তার লোকেশন ট্র্যাক করে নজরদারি চালাচ্ছেন। তিনি এই মুহূর্তে বাঘিনিটি বনাঞ্চলের কোন এলাকায় আছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি।
বাঘিনিটির এই অপ্রত্যাশিত স্থানান্তর বক্সায় বাঘ পুনর্বাসনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।








