ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: তামিলনাড়ুর থেনি জেলার থেক্কামপট্টি জেলা কারাগার থেকে সোমবার গভীর রাতে ১৭ জন বন্দি পালানোর ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারারক্ষীদের মারধর করে এই বন্দিরা জেল থেকে চম্পট দেয়। এই ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে চারজনকে ফের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ বন্দিরা হঠাৎ কারারক্ষীদের ওপর হামলা চালায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পালানো বন্দিদের মধ্যে একজন অসুস্থতার (খিঁচুনি) ভান করে।
তাকে প্রাথমিক চিকিৎসা দিতে আসা কারারক্ষীদের ওপরই এরপর হামলা চালানো হয়। এই সুযোগে মোট ১৭ জন বন্দি কারাগার থেকে পালিয়ে যায়। ঘটনার পর জেলা পুলিশ সুপার প্রবীণ গৌতম এবং দক্ষিণ জোনের আইজি বিজয়েন্দ্র বিদারি কারাগার পরিদর্শন করেন এবং কারারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন।
আইজি বিজয়েন্দ্র বিদারি সাংবাদিকদের জানান, বন্দিদের ধরার জন্য ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং ব্যাপক তল্লাশি অভিযান চলছে। থেনি জেলায় পুলিশ যানবাহন তল্লাশি জোরদার করেছে এবং প্রশিক্ষিত কুকুর (স্নিফার ডগ) ব্যবহার করে পলাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মাদুরাইয়ের পেরুনগুডি এলাকার প্রবীণ এবং থেনি জেলার থেভারাম এলাকার সিলামবারাসান উল্লেখযোগ্য। এছাড়া রাজকুমার ও রাজা সিকান্দারকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।








