ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: গাইঘাটা এনকাউন্টারের ঘটনার পর এবার নিজের মেয়ের অপরাধীদেরও একই পরিণতি চেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
অভয়ার মা হিসেবে পরিচিত রত্না দেবী মঙ্গলবার ভোরে গাইঘাটায় ধর্ষণ ও খুনের অভিযুক্ত প্রহ্লাদ দাসের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর খবর শুনে জানান, “আগেকার সরকার ধর্ষণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিল। বর্তমান সরকার বিচারের রাস্তা তৈরি করছে। এমন জঘন্য কাজ যারা করে, তাদের বাঁচিয়ে রেখে লাভ কী? এনকাউন্টারই এদের জন্য ঠিক। আমি চাই, আমার মেয়ের অপরাধীদেরও এই পরিণতি হোক। যত এরকম হবে, তত ওরা ভয় পাবে।” রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুষ্কৃতীরাজ খতম করে সুশাসন ও সুরক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে যে “সকালে জমা, বিকেলে খরচ” নীতির কথা বলেছিলেন, কার্যক্ষেত্রে তার প্রতিফলন দেখা যাচ্ছে।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আমলে নারীর উপর চরম নির্যাতনের ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে। প্রথমে গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়ায় বাধা তৈরি করলেই এনকাউন্টার, এমনটাই দেখা যাচ্ছে। মাস খানেক আগে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যু হয়েছিল একইভাবে। মঙ্গলবার গাইঘাটাতেও একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে ধৃতের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে।
পরপর এমন ঘটনার পর রত্না দেবনাথের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর মেয়ের ক্ষেত্রেও তিনি একই ধরনের কঠোর বিচার চান।
এই ঘটনা রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে সরকারের কঠোর মনোভাবকে আরও একবার তুলে ধরল।








