ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কয়লা খনির গভীর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হল আটকে থাকা ১২ জন শ্রমিককে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ কুমারডিহি এ কোলিয়ারি থেকে তাঁদের নিরাপদে বাইরে বের করে আনা হয়। রাতভর রুদ্ধশ্বাস অভিযানের পর এই সাফল্য মিলল। উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার বিকেল থেকে খনির গভীরে আটকে থাকায় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল এলাকায়। অবশেষে খনি বিশেষজ্ঞ দল ও পুলিশের যৌথ প্রচেষ্টায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হল।
জানা গিয়েছে, সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এ কোলিয়ারিতে কাজ করতে নেমেছিলেন ওই ১২ জন শ্রমিক। কাজ চলাকালীন খনির গভীরে তাঁদের বহনকারী ডুলি আটকে যায়। ফলে বাইরে বেরিয়ে আসার পথ বন্ধ হয়ে যায়। প্রথমে খনি কর্তৃপক্ষের তরফে উদ্ধারের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এরপরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং শ্রমিকদের পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত উদ্ধারকাজে জোর দেওয়া হয়। খনি বিশেষজ্ঞদের উদ্ধারকারী দল এবং পুলিশ যৌথ ভাবে অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চলাকালীন আটকে থাকা শ্রমিকদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি মানসিক ভাবে সাহস জোগানোর চেষ্টা হয়।
দীর্ঘক্ষণ খনির ভিতরে আটকে থাকলেও যাতে তাঁরা অসুস্থ হয়ে না পড়েন, সে জন্য জল ও শুকনো খাবার পাঠানোর ব্যবস্থাও করা হয়েছিল। সতর্কতার সঙ্গে রাতভর চলে এই উদ্ধারকাজ। অবশেষে মঙ্গলবার সকালে ১২ জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এই খবরে পাণ্ডবেশ্বর এলাকায় স্বস্তি ফিরেছে।








