ব্যালন ডি’অর হারানোর দিনেই চিনে ব্যানড এমবাপে, মাও-সে-তুঙকে নিয়ে মন্তব্যের জেরে বিপাকে ফরাসি তারকা

ব্যালন ডি’অর হারানোর দিনেই চিনে ব্যানড কিলিয়ান এমবাপে। মাও-সে-তুঙকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করল চিনের দুই সংস্থা।

Share:

ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: ব্যালন ডি’অর জেতার দৌড় থেকে ছিটকে যাওয়ার দিনেই বড় ধাক্কা খেলেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। চিনে তাঁকে ‘ব্যানড’ ঘোষণা করা হল।

আধুনিক চিনের রূপকার মাও-সে-তুঙকে নিয়ে একটি পডকাস্টে আপত্তিকর মন্তব্য করার জেরেই এই পদক্ষেপ। এমবাপের এই মন্তব্যের জেরে চিনের কোটি কোটি ফুটবলপ্রেমীর ভালোবাসার সুর রাতারাতি বদলে গেছে ধিক্কার আর বয়কটের আগুনে।

সম্প্রতি একটি ফরাসি টক শোর ভিডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে এমবাপেকে ইন্টারনেটে দেখা সবচেয়ে মজাদার মিম সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বলেন, “যে ভিডিয়োটিতে একটি লোকের মুখের ওপর আমার মুখ বসানো হয়েছে, আমার মনে হয় লোকটি একজন চিনা স্বৈরশাসক। বন্ধুদের সঙ্গে আড্ডায় আমি সবসময় এই মিমটা ব্যবহার করি।” এমবাপের কথা বলার সময় স্ক্রিনে মাও-সে-তুঙের আবক্ষ চিত্রের ওপর এমবাপের মুখ বসানো একটি মিম ভেসে ওঠে।

এই ঘটনার পরই চিনে তীব্র বিতর্ক শুরু হয় এবং মূল ভিডিয়োটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়। জাতীয় মর্যাদা ও জনগণের আবেগে আঘাত হানার ক্ষেত্রে ‘জ়িরো টলারেন্স’ নীতি ঘোষণা করে চিনের প্রথম সারির কর্পোরেট সংস্থাগুলি এমবাপেকে বয়কট করেছে। চিনের বৃহত্তম স্পোর্টস ড্রিঙ্ক ব্র্যান্ড ‘ডংপেং’ এবং অন্যতম প্রধান ডেয়ারি জায়ান্ট ‘মেংনিউ’ প্রেস বিবৃতি দিয়ে এমবাপের সঙ্গে তাদের এনডোর্সমেন্ট চুক্তি বাতিল করেছে। এনার্জি ড্রিঙ্কের বোতল ও হোর্ডিং থেকে সরিয়ে ফেলা হচ্ছে এমবাপের ছবি। চিনের ফুটবল পোর্টালগুলিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।