ব্যুরো নিউজ, ২৭ অক্টোবর ২০২৬: পূর্ব বর্ধমানের ভাতার ও আউশগ্রাম সীমান্তে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন জন।
প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য যাচ্ছিলেন হবু বর-বউ ও তাঁদের সঙ্গীরা। সেই সময়ই বাইকের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলস্বরূপ এই ভয়াবহ পরিণতি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন, তাঁদের মধ্যে রয়েছেন হবু বর ও কনেও।
মঙ্গলবার দুপুরে ১১৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন দুই ফোটোগ্রাফার এবং বাইক আরোহী। জানা গিয়েছে, মৃত ফোটোগ্রাফারদের মধ্যে একজন শেখ নওয়াজ, যাঁর বাড়ি কেশবগঞ্জ চটি এলাকায়। অন্য ফোটোগ্রাফার মশাগ্রামের বাসিন্দা হলেও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। বাইক আরোহী বচ্চন সাউ ভাতারের ওড়গ্রামের বাসিন্দা, তিনি কাপড়ের ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে খবর, ফোটোগ্রাফারদের নিয়ে হবু বর-বউ একটি চারচাকা গাড়িতে করে ফটোশুটের জন্য যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের গাড়ির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উলটে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হবু বর-বউ সহ মোট পাঁচজন গুরুতর জখম হয়েছেন।
তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।








