কোচবিহারে নকল সিগারেটের রমরমা! অভিযানে বাজেয়াপ্ত একাধিক প্যাকেট

কোচবিহারে নকল সিগারেটের রমরমা! আদালতের নির্দেশে ভবানীগঞ্জ ও দিনহাটায় অভিযানে বাজেয়াপ্ত হল একাধিক প্যাকেট। সস্তার নেশায় প্রতারণার জাল, বাড়ছে উদ্বেগ।

Share:

ব্যুরো নিউজ , ২৭ অক্টোবর ২০২৬: সস্তার নেশার আড়ালে বাজারে রমরমিয়ে চলছে নকল সিগারেটের কারবার। সম্প্রতি আদালতের নির্দেশে কোচবিহারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে একাধিক নকল সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। সুখটানেও যে এমন ভয়াবহ জালিয়াতি চলছে, তা জেনে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে, নকল সিগারেট বিক্রির অভিযোগের ভিত্তিতে গতকাল কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ও দিনহাটার চওরাহাট বাজারে তল্লাশি অভিযান চালানো হয়।

হায়দরাবাদ থেকে আসা একটি বিশেষ দল স্থানীয় পুলিশের সহযোগিতায় দুটি দোকানে পৌঁছে সিগারেটের প্যাকেট পরীক্ষা করে। অভিযোগ, দামি ব্র্যান্ডের নাম ও প্যাকেজিং ব্যবহার করে ৫৫ টাকার সিগারেট মাত্র ২০ টাকায় বিক্রি করা হচ্ছিল। এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যেও চাঞ্চল্য দেখা যায়। সূত্রের খবর, একটি সিগারেট প্রস্তুতকারী সংস্থা হায়দরাবাদের সিটি সিভিল কোর্টে নকল সিগারেট বিক্রির অভিযোগ এনে মামলা দায়ের করেছিল। সেই মামলার শুনানিতে আদালতের নির্দেশ মেনেই আইনজীবী বালু ও খুশি পান্ডের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ক্রেতারা সস্তায় দামি ব্র্যান্ডের সিগারেট পেয়ে না জেনেই সেগুলি কিনছেন, যা স্বাস্থ্যের পক্ষেও বিপজ্জনক। অভিযানের মুখে পড়ে এক ব্যবসায়ী নিতাই দাস দাবি করেন, তিনি হকারদের কাছ থেকে সিগারেট কিনে বিক্রি করেন এবং সেগুলি নকল কি না, তা তাঁর জানা ছিল না। নকল ব্র্যান্ডের সিগারেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে পুজোর সময়ও খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে পচা বাসি খাবার উদ্ধার হয়েছিল। এমতাবস্থায় নকল সিগারেটের এই ঘটনা নতুন করে আতঙ্ক তৈরি করেছে।