সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিং? মুখ খুললেন ক্যাটরিনা কাইফ, দিলেন কড়া বার্তা

সন্তান জন্মের পর শরীর নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ। মাতৃত্বের পর মহিলাদের চেহারা নিয়ে মন্তব্য কাম্য নয়, জানালেন অভিনেত্রী।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: সন্তান জন্মের পর একজন মহিলার শরীরে নানা পরিবর্তন আসে। শারীরিক ও মানসিক, দু’দিক থেকেই নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে। অথচ সেই সময়েও অনেক মহিলাকে শুনতে হয় শরীর নিয়ে নানা কটাক্ষ, চেহারা নিয়ে মন্তব্য।

বিশেষত বিনোদন জগতে তারকাদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি চোখে পড়ে। মাতৃত্বের পরে মহিলাদের শরীর নিয়ে এমন ট্রোলিংয়ের বিরুদ্ধেই সরব হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁর মতে, সন্তান জন্ম দেওয়ার পর একজন মহিলার শরীর কী ধরনের পরিবর্তন হয়, সে সম্পর্কে মানুষের সচেতন থাকা উচিত। মাতৃত্বের পর কোনও মহিলার চেহারা নিয়ে কটাক্ষ করা একেবারেই কাম্য নয়।

ক্যাটরিনা প্রশ্ন তুলেছেন, সন্তান জন্ম দেওয়ার পর মহিলাদের দ্রুত আগের চেহারায় ফিরে আসার যে সামাজিক প্রত্যাশা, তা নিয়েও। তাঁর কথায়, ‘বাউন্স ব্যাক’ কথাটির অর্থই বা কী? মাতৃত্ব তো জীবনের একটি নতুন অধ্যায়। যে অভিজ্ঞতা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সেই অভিজ্ঞতার পর কেন আবার আগের জায়গায় ফিরে যেতে চাইবেন তিনি?

অভিনেত্রী জানিয়েছেন, মা হওয়ার পর নিজের শরীর ও ফিটনেস নিয়ে তিনি সচেতন। কোন পর্যায়ে তাঁর শরীর সবচেয়ে বেশি কর্মক্ষম ও সতেজ থাকে, সে বিষয়েও তাঁর ধারণা রয়েছে। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে চান না তিনি। নিজের গতিতেই এগোতে চান অভিনেত্রী।