বাসন্তীতে হোগল নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয়, নদীগর্ভে তলিয়ে গেল ১০-১২টি বাড়ি

বাসন্তীতে হোগল নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বিপর্যয়। গভীর রাতে বাঁধ ভেঙে নদীতে ভেসে গেল ১০-১২টি বাড়ি, বহু পরিবার গৃহহীন। উদ্ধারকাজে প্রশাসন।

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ফের নদী বাঁধ ভেঙে গিয়ে ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়।

মঙ্গলবার গভীর রাতে হোগল নদীর বাঁধ ভেঙে নদীগর্ভে তলিয়ে গেল প্রায় ১০ থেকে ১২টি বসতবাড়ি। এই ঘটনায় এলাকার বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। বাসন্তী থানার অন্তর্গত বাসন্তী গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর সংলগ্ন সজোনতলা এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব এবং লাগাতার বৃষ্টির জেরে হোগল নদীতে জলের চাপ বাড়ছিল। মঙ্গলবার গভীর রাতে আচমকাই সজোনতলা এলাকায় নদী বাঁধের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমের মধ্যেই এই বিপর্যয়ের মুখে পড়ে যান এলাকার বাসিন্দারা। নদীর প্রবল জলের তোড়ে প্রায় ১০ থেকে ১২টি মাটির বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র এমনকি হাঁস-মুরগিও জলে ভেসে যায় বলে খবর এসেছে। মুহূর্তের মধ্যে মাথার ছাদ হারিয়ে অসহায় হয়ে পড়েন বহু মানুষ।

ঘটনার খবর পেয়েই অত্যন্ত দ্রুততার সাথে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। দুর্গত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁদের জন্য শুকনো খাবার ও ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সাথে সাথে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙা বাঁধ সংস্কারের কাজও শুরু হয়েছে।