মেরুদণ্ড বিক্রি না করলেই জেল! ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক অভিষেক

দুর্গাপুজোর পাস দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, মেরুদণ্ড বিক্রি না করলেই জেল!

Share:

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর পাস নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির পর এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বিজেপির শাসনকালে যারা মেরুদণ্ড না বিকিয়ে লড়াই করছেন, তাঁরাই জেলে যাচ্ছেন। আর যারা চোর, চিটিংবাজ, তারা বিজেপির পতাকা ধরলেই সাত খুন মাফ হয়ে যাচ্ছে। এটাই মোদিজির নতুন ভারত।”

বুধবার সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদের পর বেরোনোর সময়েই ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা সেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তথ্য সংস্কৃতি মন্ত্রী থাকাকালীন দুর্গাপুজোর পাসের নামে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির টাকা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা জানতাম মমতা, ইন্দ্রনীল দু’জনে একে অপরের পরিপূরক ছিলেন। মমতার সঙ্গে একই গাড়িতে ঘুরতেন, গান গাইতেন।”

শুভেন্দু অধিকারী আরও হুঁশিয়ারি দেন যে, প্রাতিষ্ঠানিক সব চোরদেরই জেলে যেতে হবে। তিনি জানান, রাজ্যে পালাবদলের পর ইন্দ্রনীলের মুখে নতুন সরকারের প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু বিজেপি কোনও দুর্নীতি আড়াল করবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।