ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর ২০২৬: মার্কিন নৌবাহিনীর সপ্তম ফ্লিটের জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘ওরিয়েন্ট এক্সপ্রেস’ সম্প্রতি কলকাতায় এসে সুরের জাদুতে মুগ্ধ করেছে শহরবাসীকে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমসাময়িক ও ধ্রুপদী জনপ্রিয় গান পরিবেশন করে এই ব্যান্ড। পেশাদার মার্কিন নৌসেনা সঙ্গীতশিল্পীদের নিয়ে গঠিত এই দলটি রক, পপ, জ্যাজ সহ বিভিন্ন ধারার গান পরিবেশন করে। শুধুমাত্র বিনোদনই নয়, সাংস্কৃতিক আদানপ্রদানও এই ব্যান্ডের অন্যতম প্রধান লক্ষ্য।
বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে তারা কনসার্ট, সাংস্কৃতিক উৎসব ও নানা অনুষ্ঠানে অংশ নেয়। ভারত সফরে এসে তারা কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেয়। ক্যালকাটা স্কুল অফ মিউজিক এবং কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে তাদের অনুষ্ঠানগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।
পাশাপাশি, কলকাতার মার্কিন কনস্যুলেট জেনারেলের আয়োজিত জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানেও তারা সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে নেয়। দলের সদস্যদের মধ্যে রয়েছেন ভোকালিস্ট কেটি গ্রেস স্টিফেনসন, গিটারিস্ট জন প্যারিস, পিয়ানো বাদক টিঙ্কি ইউ, পারকাশনিস্ট শেঠ বারখার্ট, অ্যাডাম বায়ার্স, মার্সেলো ক্যারিয়ন এবং স্যাক্সোফোন বাদক অ্যান্ড্রু ডেলনাগ্রো।
এই সফরের মূল উদ্দেশ্য ছিল সঙ্গীতের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করা। ‘ওরিয়েন্ট এক্সপ্রেস’ ব্যান্ডের এই সফর নিঃসন্দেহে কলকাতার সঙ্গীতপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।








