ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঢাকার ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মোট ১০ জন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছে।
এর আগে গত বছর নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। গত মাসে একই অভিযোগে আরও সাতজন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, মহম্মদ আলি আরাফাত, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। বৃহস্পতিবারের রায়ে হানিফ সহ আরও তিনজনকে আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয়েছে। তারা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলি এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে মিলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যা বিরোধীদের ওপর নির্যাতন বাড়িয়েছিল। তার উস্কানিতে কুষ্টিয়ায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি বলে জানা গেছে।








