ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবার সরব হলেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে চলা ছাত্র আন্দোলন নিয়ে। সম্প্রতি এক ভিডিও বার্তায় নিজেকে ‘গর্বিত দিমাগি নকশাল’ বলে উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি। তাঁর অভিযোগ, ছাত্র আন্দোলন দমনের চেষ্টা দেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, শিক্ষা ব্যবস্থা এবং গণতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে নাসিরুদ্দিন বলেন, “আমি গর্বের সঙ্গে বলছি যে আমি একজন দিমাগি নকশাল। আমাদের মতো মানুষদের উদ্দেশে ওরা আর কী কী নতুন শব্দ তৈরি করেছে, তা আমি জানি না।” তিনি আরও অভিযোগ করেন, দেশের ঐক্য নষ্ট করার অভিযোগ যাঁদের বিরুদ্ধে তোলা হয়, সেই ভূমিকা আসলে বর্তমান সরকারই পালন করছে। ছাত্র আন্দোলন মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, দেশের যুবসমাজের আত্মবিশ্বাস ভেঙে দিতে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে এবং গণতন্ত্রকে বিপদের মুখে ঠেলে দিতে সরকার আরও কী করবে?
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU), সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI) এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার হচ্ছে, তা তাঁরা মনে রাখবেন বলে মন্তব্য করেন অভিনেতা। নাসিরুদ্দিনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন অভিনেতা পুণীত ইসর এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তবে, এই সব সমালোচনার মাঝেও অভিনেতা দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।








