ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর ২০২৬: গাফিলতিতে এক কিশোরের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। রোগীর পরিজনদের বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ, ভুল ইঞ্জেকশন দেওয়ার পরেই ১১ বছরের শেখ রাশিদুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয় এবং সে ছটফট করতে করতে মারা যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯ দিন আগে টনসিলের তীব্র ব্যথা, মুখ ফোলা ও গালে ঘা নিয়ে রাশিদুলকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগে ভর্তি করানো হয়েছিল। তার মা রাবিয়া খাতুনের অভিযোগ, বুধবার হঠাৎ করে রাশিদুলের পেটে ও বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়। কর্তব্যরত চিকিৎসককে জানালেও প্রথমে তিনি চিকিৎসা করতে অস্বীকার করেন।
পরে এক নার্স ইঞ্জেকশন দেওয়ার পরেই রাশিদুলের অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে, হাসপাতালের সুপার অগ্নিহোত্রী ভট্টাচার্য জানিয়েছেন, এই বিষয়ে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








