মালদহে আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে রণক্ষেত্র, লাঠিসোঁটা-ইটে রক্তাক্ত গ্রাম

মালদহের দৌলতপুর কলোনিতে আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিজেপি কর্মীদের সংঘর্ষ। লাঠিসোঁটা-ইটে আহত একাধিক। এলাকায় উত্তেজনা।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: মালদহের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর কলোনি এলাকায় আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। নোংরা আবর্জনার স্তূপ পরিষ্কার করতে গিয়ে গ্রামবাসী ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে একে অপরের উপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় দু’পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যার মধ্যে চার-পাঁচজন গ্রামবাসী এবং বিজেপি পরিবারের সদস্যরাও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশি সমস্যায় জর্জরিত। প্রায় ১০০টি পরিবারের নোংরা জল ও আবর্জনা একটি ফাঁকা জায়গায় ফেলা হচ্ছিল, যা ক্রমে বিশাল স্তূপে পরিণত হয়। পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এবং রোগ ছড়ানোর আশঙ্কায় গ্রামবাসীরা শুক্রবার সকালে সেই স্থান পরিষ্কার করার উদ্যোগ নেন। অভিযোগ, সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের মামা সতীশ রায় গ্রামবাসীদের কাজে বাধা দেন। তিনি দাবি করেন, ওই জমি তাঁর ব্যক্তিগত সম্পত্তি এবং তৃণমূলের আমলে জোর করে দখল করে সেখানে আবর্জনা ফেলা হতো। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপির লোকজন তাদের পরিষ্কারের কাজে বাধা দিয়ে হামলা চালায়। জমির মালিকানা ও আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করে প্রথমে তীব্র বচসা শুরু হয়, যা পরে হাতাহাতি ও ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। মাথা ফেটে রক্ত ঝরতে দেখা যায় অনেকের।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।