ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: উৎসবের আমেজ শেষ হলেও দায়িত্ব শেষ হয়নি। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর প্রতিমা বিসর্জনের আবর্জনা জমে থাকা পুকুর পরিষ্কারে নামল চাঁচল থানার পুলিশ। মালদার চাঁচল শহরের সুইমিংপুল ঘাটের এই পুকুরটি শহরের অন্যতম বড় জলাশয়, যেখানে প্রতিবছর বহু প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ফলে বিসর্জনের পর পুকুরের জল নোংরা হয়ে দুর্গন্ধ ছড়ায়। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে সূর্য উপাসনার মহাপর্ব ছটপুজো। এই পুজোয় বহু পুণ্যার্থী, বিশেষ করে হিন্দিভাষী পরিবারের মহিলারা, কোমর জলে নেমে সূর্যকে অর্ঘ্য দেন। তাই পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবং জল দূষণ রোধ করতে চাঁচল থানার পুলিশ নিজেরাই এই পরিষ্কার অভিযানে নামে। শুক্রবার সকালে চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের নেতৃত্বে পুলিশ কর্মীরা উর্দি পরেই পুকুর ঘাট পরিষ্কার করেন। প্রতিমার কাঠামো, ফুল, মালা সহ সমস্ত আবর্জনা জল থেকে তুলে ফেলা হয়। এরপর জল জীবাণুমুক্ত করতে ব্লিচিং পাউডার ও চুন ছড়ানো হয়।
আইসি জয়দেব ঘোষ জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের পাশে থাকাও তাঁদের কর্তব্য। পুলিশের এই উদ্যোগে পাশে ছিল চাঁচল গ্রাম পঞ্চায়েতও। পঞ্চায়েত সূত্রে জানানো হয়েছে, ছটপুজোর আগে ঘাট আলোকিত করা, বসার জায়গা, পানীয় জল ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশের এই মানবিক ও সামাজিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছটব্রতীদের মন জয় করেছে। সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে বলে মনে করছেন অনেকে।








