ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: আগামী ২রা ও ৩রা নভেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন আইডিবিআই ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের সংগঠনগুলি। এর ফলে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের পরিষেবা ব্যাহত হতে পারে। ধর্মঘটের কারণে গ্রাহকদের টাকা জমা দেওয়া, তোলা বা অন্যান্য জরুরি ব্যাঙ্কিং কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের আগেভাগেই তাঁদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলার পরামর্শ দিয়েছেন।
আইডিবিআই ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ আইডিবিআই অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ (UFIOE) এই ধর্মঘটের ডাক দিয়েছে। কেন্দ্র সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার কানাডার ফেয়ারফ্যাক্স ফাইনান্সিয়াল হোল্ডিংসের একটি সহযোগী সংস্থার কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের পথে হাঁটছেন কর্মীরা। তাঁদের আশঙ্কা, এর ফলে ব্যাঙ্কের রাষ্ট্রায়ত্ত চরিত্র নষ্ট হবে এবং কর্মীদের চাকরির নিরাপত্তা, পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা বিঘ্নিত হতে পারে।
তবে, ধর্মঘটের সময়েও ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। গো মোবাইল প্লাস, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই ব্যবহার করা যাবে। এছাড়াও, এটিএম এবং কাস্টমার সার্ভিস পয়েন্ট (CSP) সচল থাকবে। এমনকি অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
কর্মী সংগঠনগুলি কেন্দ্রের কাছে এই শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। পাশাপাশি, কর্মীদের বর্তমান চাকরির শর্ত, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সুরক্ষিত রাখার জন্য লিখিত ও আইনি নিশ্চয়তাও চেয়েছে তারা।







