ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাইপো বিদিত ওলকরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের জলন্ধরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। এই দুর্ঘটনায় আরেক যুবক আরব তলোয়ারের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে বিদিত এবং আরব বন্ধুদের সঙ্গে একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন। তাঁদের গাড়িটি জলন্ধরের পুলিশ লাইন এলাকার কাছে একটি উড়ালপুল দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর ট্রলিতে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই বিদিত ও আরবের মৃত্যু হয়।
জানা গিয়েছে, বিদিত পাঞ্জাবি মিউজিক সংস্থা স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে। অন্যদিকে, আরব ছিলেন জলন্ধরের এক জনপ্রিয় মিষ্টির দোকানের মালিকের ছেলে। দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচ জন বন্ধু ছিলেন। বাকি তিনজন অক্ষত অবস্থায় বাড়ি ফিরে গেলেও, বিদিত ও আরবের প্রাণ কেড়ে নেয় এই দুর্ঘটনা।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে।








