ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: রবিবার ভারতের জার্সিতে নয়া ইতিহাস গড়লেন ঈশান কিষান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে আরও একবার নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি। ৩২ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে গড়ে ফেললেন নয়া রেকর্ড, টপকে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবকে।
ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ রান করার নজির গড়লেন বাঁহাতি উইকেটকিপার এবং ব্যাটার ঈশান। সেডন পার্কে এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। আর তিন নম্বরে ব্যাটে নেমে মাত্র চার বল খেলেই সূর্যকুমার যাদবের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন ঈশান।
২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩১টি ম্যাচ খেলে ১১৪৬ রান করেছিলেন সূর্যকুমার। ওই বছরে তাঁর ব্যাট থেকে এসেছিল দু’টি সেঞ্চুরি ও ৯টি অর্ধশতরান। এত দিন এক বছরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করার নজির ছিল এটাই। ২০২৬ সালে সেই রেকর্ড ভেঙে দিলেন ঈশান। চলতি বছরে ৩৭টি ম্যাচ খেলে সেই ১১৬৫ রানের গণ্ডি পার করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধশতরান এসেছে ঈশানের ব্যাট থেকে।
চরম আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়ছেন ঈশান। ইনিংসের শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করা এবং বড় রান করার দক্ষতা তাঁকে ভারতীয় টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। সূর্যকুমারকে টপকানোর সুযোগ ছিল অভিষেক শর্মার কাছেও। তবে পঞ্চম টি-টোয়েন্টিতে বড় রান করতে পারেননি তিনি। দুই বলে মাত্র এক রান করে আউট হন অভিষেক।
ভারতের ইনিংস প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৯১ রান তোলে ভারত। ঈশানের পাশাপাশি বড় ইনিংস খেলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও। ২৩ বলে ৫০ রান করেন তিনি।








