ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: পারফিউম বা আতর আমাদের রোজকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত সরাসরি পোশাকে স্প্রে করলে সাদা বা হলদে দাগ পড়ে যায়, যা দেখতে খুবই অস্বস্তিকর। বিশেষ করে সাদা বা হালকা রঙের পোশাকে এই দাগ সহজে বোঝা যায়।
পারফিউমে থাকা তেল ও অন্যান্য উপাদান কাপড়ের তন্তুতে আটকে গিয়ে এই দাগ তৈরি করে। তবে চিন্তা নেই, কিছু সহজ ঘরোয়া উপায়ে এই জেদি দাগও তোলা সম্ভব।
কাপড়ে পারফিউমের দাগ লাগলে যত দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করুন। প্রথমে একটি শুকনো পরিষ্কার কাপড় বা পেপার টাওয়েল দিয়ে আলতো করে চেপে দাগটি শুষে নিন। ঘষবেন না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে। এরপর ঠান্ডা জল ব্যবহার করুন। সামান্য মাইল্ড ডিশ সোপ বা লিকুইড ডিটারজেন্ট লাগিয়ে নরম ব্রাশ দিয়ে আলতো হাতে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে নিন।
পুরোনো বা শুকনো দাগের জন্য জল ও সাদা ভিনিগার সমপরিমাণে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দাগের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর নরম ব্রাশ দিয়ে হালকা হাতে পরিষ্কার করে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সিল্ক বা স্যাটিনের মতো নরম কাপড়ের ক্ষেত্রে বেশি জল বা কড়া ক্লিনার ব্যবহার না করাই ভালো। সেক্ষেত্রে হালকা ভেজা কাপড় দিয়ে চেপে দাগ তোলার চেষ্টা করুন।
আতরের তেলের দাগ তোলার জন্য কর্নস্টার্চ বা ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন। দাগের উপর পাউডার ছড়িয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এটি তেল শুষে নেবে। এরপর ব্রাশ দিয়ে পাউডার সরিয়ে সামান্য ডিশ সোপ লাগিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিন। সবচেয়ে ভালো উপায় হলো, পোশাক পরার আগেই ত্বকে পারফিউম স্প্রে করে শুকিয়ে নেওয়া। এতে দাগ লাগার সম্ভাবনা কমে যায়।








