অনাথ, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য ১০০ একরের টাউনশিপ তৈরি করছে রিলায়েন্স, আজীবন মিলবে আশ্রয়

রিলায়েন্স ফাউন্ডেশন অনাথ, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য ১০০ একরে 'নীতা মুকেশ আম্বানি অনন্ত আশ্রয়' নামে এক বিশেষ টাউনশিপ তৈরি করছে। আজীবন মিলবে নিরাপদ আশ্রয়।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রিলায়েন্স ফাউন্ডেশন এবার এক যুগান্তকারী উদ্যোগ নিতে চলেছে। অনাথ শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবীণ নাগরিকদের জন্য মুম্বাইয়ের কাছে করজাতে ১০০ একর জমির উপর তৈরি হচ্ছে এক বিশেষ টাউনশিপ, যার নাম দেওয়া হয়েছে ‘নীতা মুকেশ আম্বানি অনন্ত আশ্রয়’। রবিবার, ১ নভেম্বর, রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি এই প্রকল্পের ভূমি পুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের জন্য একটি নিরাপদ ও ভালোবাসাপূর্ণ আশ্রয়স্থল তৈরি করা।

যেখানে তাঁরা মর্যাদা, যত্ন এবং আন্তরিকতার সাথে আজীবন বসবাস করতে পারবেন। নীতা আম্বানি জানিয়েছেন, এটি তাঁর ও তাঁর পরিবারের অত্যন্ত প্রিয় একটি প্রকল্প। এখানে প্রায় ৫,০০০ মানুষ স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন। তাঁদের দেখভালের জন্য পরিচর্যাকারী, চিকিৎসক এবং সহায়তাকর্মী সহ প্রায় ১৫,০০০ মানুষের আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। টাউনশিপটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। আবাসিকদের জন্য থাকবে আলাদা ঘর, হাসপাতাল, মন্দির, বাগান, খেলার মাঠ, খামার এবং কর্মশালা। ছোট ছোট পারিবারিক আদলের বাড়িতে তাঁরা থাকবেন এবং তাঁদের দেখাশোনার জন্য থাকবেন নিবেদিতপ্রাণ ‘হাউস প্যারেন্ট’ ও পরিচর্যাকারীরা। প্রতিটি বাসিন্দার জন্য তৈরি করা হবে একটি স্বতন্ত্র যত্ন ও উন্নয়ন পরিকল্পনা, যা তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক সম্পর্ক, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং ব্যক্তিগত কল্যাণের উপর জোর দেবে। এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষদের জীবনে নতুন আশার আলো দেখাবে বলে আশা করা হচ্ছে।