ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রবিবার গভীর রাতে শান্তিপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তন্ময় বিশ্বাস নামে এক যুবক বাইক নিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় পড়ে যান। স্থানীয় দুই যুবক তাঁকে দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তাঁরা আহত তন্ময়কে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তিও করিয়ে দেন। কিন্তু অভিযোগ, আহত যুবককে হাসপাতালে পৌঁছে দেওয়ার পরই দুই যুবক তাঁর বাইকটি নিয়ে চম্পট দেয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর তন্ময়বাবু লক্ষ্য করেন যে তাঁর বাইকটি সেখানে নেই।
যে দুই যুবক তাঁকে হাসপাতালে এনেছিল, তাদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই তিনি বুঝতে পারেন যে তাঁর বাইক চুরি হয়ে গেছে। এই ঘটনায় হতবাক তন্ময়বাবু সঙ্গে সঙ্গে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশের কাছে অনুরোধ করেন যেন অবিলম্বে তাঁর বাইকটি উদ্ধার করা হয় এবং এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








