কলকাতায় বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব, নূন্যতম ভাড়া হতে পারে ১৮ টাকা

কলকাতায় বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব। নূন্যতম ভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়েছে বাস মালিক সংগঠন। পরিবহণমন্ত্রীর কাছে জমা পড়ল প্রস্তাব।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে সরব বাস মালিক সংগঠনগুলি। ২০১৮ সালের পর সরকারিভাবে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া আর বাড়েনি। এই পরিস্থিতিতে, ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’ রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিয়ে নূন্যতম বাসভাড়া ১৮ টাকা করার প্রস্তাব দিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, মহানগরে সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটার পর্যন্ত এই ভাড়া ধার্য করার কথা বলা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যাত্রীদের বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা।

শুধু কলকাতাই নয়, রাজ্যের অন্যান্য জায়গার বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি, এসি বাসের ভাড়া বৃদ্ধির আবেদনও করা হয়েছে। এর আগেও বাস মালিক সংগঠনগুলি পরিবহণমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছিল এবং বৈঠকও হয়েছিল। পুজোর পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তখন জানানো হয়েছিল। আজ, সোমবার ফের মন্ত্রীকে চিঠি দিয়ে ভাড়ার খসড়া প্রস্তাব জমা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাসে ওঠার পর প্রথম চার কিলোমিটার পর্যন্ত যাত্রীদের ১৮ টাকা ভাড়া দিতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়তে থাকবে। এই প্রস্তাব নিয়ে পরিবহণ দফতর এবং বাস মালিক সংগঠনগুলির মধ্যে আলোচনা চলছে। ভাড়ার এই প্রস্তাব নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এতে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে।