ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: নৈহাটিতে এক ঐতিহ্যবাহী পাঞ্জাবি হোটেল রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
রামকৃষ্ণ মোড়ের কাছে আর বি সি রোডের পাশে থাকা এই ষাট বছরের পুরনো হোটেলটি ভেঙে ফেলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। হোটেলটির মালিক হরবিন্দর সিং ওরফে বিল্লা এবং তাঁর বোন মনজিৎ সিংয়ের অভিযোগ, জমির মালিক রাহুল সাউ, আদিত্য সাউ ও রামজী সাউ রাতের অন্ধকারে বুলডোজার এনে তাঁদের হোটেলটি ভেঙে দিয়েছে। কয়েকদিন আগে হরবিন্দর সিং দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি শয্যাশায়ী। এই সুযোগকে কাজে লাগিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে পরিবারের অভিযোগ।
এই ঘটনায় তাঁরা নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানান। বিজেপি কর্মীদের একাংশের দাবি, এর পিছনে একটি বড় প্রমোটার চক্র কাজ করছে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তাঁরা অবিলম্বে পুলিশের কাছে এই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
রাতের অন্ধকারে এই বুলডোজার দিয়ে হোটেল ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার জেরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।








