রাজ্যে আসছে আরও ২৯টি মহিলা থানা, নারী সুরক্ষায় বড় পদক্ষেপ সরকারের

রাজ্যে নারী সুরক্ষায় বড় পদক্ষেপ। দীর্ঘ প্রতীক্ষার পর আরও ২৯টি নতুন মহিলা থানা চালু হচ্ছে। স্বরাষ্ট্র দপ্তর প্রক্রিয়া শুরু করেছে।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: রাজ্যে নারী সুরক্ষাকে আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল সরকার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে আরও ২৯টি নতুন মহিলা থানা চালু হতে চলেছে। রাজ্য পুলিশের একটি প্রস্তাব যা প্রায় তিন বছরের বেশি সময় ধরে তৃণমূল সরকারের আমলে আটকে ছিল, তা নতুন সরকারের আমলে অনুমোদন পেয়েছে। চলতি বছরের রাজ্য বাজেটেও প্রতিটি মহকুমায় মহিলা থানা গঠনের কথা ঘোষণা করা হয়েছিল।

সেই অনুযায়ী, গত ৩০ অক্টোবর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং স্বরাষ্ট্র দপ্তর মহিলা থানা তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতীতেও মহিলা থানা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। ২০১২ সালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে প্রথম মহিলা থানা স্থাপিত হলেও, পরবর্তীকালে এই কাজে তেমন গতি আসেনি। বর্তমানে রাজ্যে মোট ৪০টি মহিলা থানা রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে রাজ্য পুলিশের তরফে ১৬টি মহকুমায় ২০টি নতুন মহিলা থানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পর মহকুমাভিত্তিক এই ২৯টি নতুন মহিলা থানা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। কোচবিহার, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি, অর্থাৎ ৩টি করে নতুন মহিলা থানা তৈরি হবে।

এছাড়া দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় ২টি করে থানা হচ্ছে। বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুর জেলায় ১টি করে নতুন মহিলা থানা স্থাপন করা হবে। এই পদক্ষেপ রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।