মধ্যপ্রাচ্যে শান্তি ফেরায় তেলের দামে বড় পতন, আশার আলো দেখছে বিশ্ব বাজার

মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইরান উত্তেজনা প্রশমিত হওয়ায় বিশ্ব বাজারে তেলের দামে বড় পতন। শান্তি চুক্তির আশা দেখছে বিশ্ব।

Share:

ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বিশ্ব বাজারে তেলের দামে এক ধাক্কায় ৪ শতাংশেরও বেশি পতন হয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক বাজারে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, কাতার এই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্থতা করছে এবং একটি খসড়া চুক্তিও তৈরি হয়েছে। এই আলোচনাগুলির উপর বিশ্ব বাজার নিবিড়ভাবে নজর রাখছে, কারণ সংঘাতের অবসান হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হতে পারে।তেল ব্রোকার সংস্থা পিভিএম-এর তামাস ভার্গা জানিয়েছেন, “ইরানের অচলাবস্থা নিরসনে নভেম্বরে একটি বড় অগ্রগতির নতুন আশা নিয়ে এসেছে।” তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা ওদের পারমাণবিক ক্ষমতাকে প্রায় ধ্বংস করে দিয়েছি। এখনও এক বা দুটি পরিকাঠামো রয়েছে, যা আমরা ১০ মিনিটের মধ্যেই ধ্বংস করে দিতে পারি।” মঙ্গলবার মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচন।

তাই আপাতত তিনি হামলা চালাবেন না বলে জানিয়েছেন। নির্বাচন মিটে গেলেও যেন আর যুদ্ধ শুরু না হয়, সেই প্রার্থনাই করছেন অনেকে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী হয়, সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। তেলের দামের এই আকস্মিক পতন বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।