ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: একাধিক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (DSCC) প্রাক্তন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)। পরে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখা বা DB-র হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে গোয়েন্দা হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
SRB সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। SRB-র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাঁর DB-তে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারের আগে একটি ভিডিও বার্তায় নিজের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাঈদ খোকন। তাঁর বক্তব্য, কার্যত গোটা দেশই যেন জেলে পরিণত হয়েছে। কেন বারবার তাঁকেই নিশানা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
প্রাক্তন মেয়রের বিরুদ্ধে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির একাধিক অভিযোগের তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয়। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে।
এছাড়া তাঁর ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রায় ৯০ কোটি টাকার বিনিয়োগ ফ্রিজ করার নির্দেশ দিয়েছিল আদালত। গুলশানের ১৪ তলা ভবনসহ একাধিক সম্পত্তিও ক্রোক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে গ্রেফতারের নির্দিষ্ট মামলার বিস্তারিত এখনও প্রকাশ করেনি পুলিশ।









