আয়ুষ্মান হাসপাতালে ICU নিয়ে বড় অ্যাকশন যোগীর! ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব

আয়ুষ্মান কার্ডধারীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে যোগী সরকার বেসরকারি হাসপাতালের আইসিইউ অডিট করার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

Share:

ব্যুরো নিউজ, ২৩শে নভেম্বর ২০২৬ : আয়ুষ্মান ভারত প্রকল্পের নামে আর কোনও গাফিলতি নয়! এবার সরাসরি বেসরকারি হাসপাতালগুলির ইনটেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ ICU-র দিকে নজর দিল যোগী আদিত্যনাথের সরকার। আয়ুষ্মান কার্ডধারী গরিব রোগীরা সত্যিই উন্নত ও মানসম্মত চিকিৎসা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতেই এই বড় পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

সরকারের এই সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। প্রকল্পের আওতাভুক্ত সমস্ত বেসরকারি হাসপাতালের ICU সুবিধা এবার বিশেষভাবে পর্যালোচনা করা হবে। কোথায় কতগুলি বেড আছে, আদৌ সেই বেডে চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো আছে কি না, সব কিছুই খুঁটিয়ে দেখা হবে।

সাচিজেস জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে সব অডিট এজেন্সিকে রিপোর্ট জমা দিতে হবে। এ বিষয়ে কোনো ছাড় মিলবে না। এই দায়িত্ব স্টেট এজেন্সি ফর কমপ্রিহেনসিভ হেলথ অ্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিসেস (সাচিজেস)-এর হাতে।

সাচিজেসের সিইও অর্চনা বর্মার মতে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বাস্থ্য পরিষেবাকে সুলভ, নিরাপদ ও মানসম্মত করার ওপর বারবার জোর দিচ্ছেন। তাঁর নির্দেশেই সাচিজেস এই বিশেষ অডিট শুরু করেছে। লক্ষ্য, বেসরকারি হাসপাতালের ICU পরিষেবার প্রকৃত চিত্র তুলে ধরা এবং কাগজের তথ্যের সঙ্গে বাস্তবের মিল যাচাই করা।

এদিকে, এই অডিটের পেছনে আরও একটি বড় কারণও আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় (ডিজিএইচএস) ২০২৬ সালের জন্য আইসিইউ পরিষেবা সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। তাতে রোগীর অবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসার ভিত্তিতে আইসিইউকে তিন স্তরে ভাগ করা হয়েছে, ফলে কোন রোগীর কোন স্তরের আইসিইউ লাগবে তা আরও স্পষ্টভাবে ঠিক করা যাবে।

সাচিজেসের চেকলিস্ট অনুযায়ী, অডিট এজেন্সিগুলো হাসপাতালের ICU-এর প্রকৃত সক্ষমতা ও উপলব্ধ সম্পদ যাচাই করবে। প্রতিটি বেডের জায়গা যথাযথ কি না এবং ভেন্টিলেটরসহ জরুরি যন্ত্রপাতি পর্যাপ্ত কি না, তাও দেখা হবে।