ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: ভারতের ইস্পাত শিল্পে বড়সড় রদবদলের ইঙ্গিত! APL Apollo Tubes-এ বড় অংশীদারিত্ব কিনতে চলেছে টাটা স্টিল। শুধু শেয়ার কেনাই নয়, দুই সংস্থার মধ্যে হতে চলেছে একাধিক কৌশলগত চুক্তি। এই পদক্ষেপের ফলে দেশের ইস্পাত ও স্টিল টিউব শিল্পে নতুন শক্তিশালী সংস্থা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
টাটা স্টিল APL Apollo-র প্রোমোটারদের কাছ থেকে ২৬.৬ শতাংশ শেয়ার কিনতে চুক্তি করেছে। প্রতি শেয়ারের দাম ধার্য হয়েছে ২,১০০ টাকা। এই লেনদেনের মোট মূল্য প্রায় ১৫,৫১০ কোটি টাকা। পাশাপাশি, সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে আরও ২৬ শতাংশ শেয়ার কেনার জন্য ওপেন অফার আনবে টাটা স্টিল। এর জন্য সম্ভাব্য খরচ প্রায় ১৬,৭৫৬ কোটি টাকা।
অন্যদিকে, APL Apollo টাটা স্টিলের স্টিল টিউব ব্যবসা এবং Tata Steel Colors-এর সম্পূর্ণ অংশীদারিত্ব অধিগ্রহণ করবে। এই দুই ব্যবসার সম্মিলিত মূল্য প্রায় ২৮,০০০ কোটি টাকা।
লেনদেন সম্পূর্ণ হলে দুই সংস্থার সম্মিলিত উৎপাদন ক্ষমতা প্রাথমিকভাবে বছরে ৭৫ লক্ষ টনে পৌঁছবে। ভবিষ্যতে ২০৩৫ সালের মধ্যে তা ১.৫৫ কোটি টনে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।
তবে সমস্ত চুক্তিই প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ।









