ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: ফোন খুললেই একের পর এক বিরক্তিকর প্রচারমূলক কল কিংবা অচেনা নম্বর থেকে প্রতারণার চেষ্টা! এই সমস্যা মোকাবিলায় এবার আরও কড়া পদক্ষেপ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI। স্প্যাম কল ও অনাকাঙ্ক্ষিত মেসেজের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১.২৪ লক্ষেরও বেশি টেলিকম রিসোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘনের অভিযোগে এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে ৩৭৪টি সংস্থাকে।
TRAI-র প্রকাশিত ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ১,১০,৩২৫টি নম্বরের আউটগোয়িং পরিষেবা ১৫ দিনের জন্য বন্ধ করা হয়েছে। বারবার নিয়ম ভাঙার কারণে আরও ১৩,৭৭৭টি টেলিকম রিসোর্সের সংযোগ এক বছরের জন্য বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ব্লক করা হয়েছে ৩,৭২৫টি SMS হেডার।
এই তিন মাসে অনাকাঙ্ক্ষিত বাণিজ্যিক কল ও মেসেজ নিয়ে মোট ১৫.২৯ লক্ষ অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৭.২৩ লক্ষ অভিযোগকে ব্যবস্থা গ্রহণের যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, TRAI-র DND অ্যাপের মাধ্যমে এসেছে মোট অভিযোগের ৯২.৯ শতাংশ।
এদিকে স্প্যাম শনাক্ত করতে টেলিকম সংস্থাগুলির AI-ভিত্তিক ব্যবস্থাও সক্রিয় রয়েছে। এবার প্রশ্ন, এই কড়া পদক্ষেপে সাধারণ গ্রাহকদের ফোনে কি সত্যিই কমবে বিরক্তিকর কলের উৎপাত?









