জিন পরীক্ষাতেই মিলবে রোগের হদিস? কলকাতায় শুরু অত্যাধুনিক জিনোমিক্স পরিষেবা

কলকাতায় শুরু হলো অত্যাধুনিক জিনোমিক্স পরিষেবা। সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স-এর হাত ধরে ক্যানসার ও বিরল রোগ নির্ণয় এখন দ্রুত ও সহজ। দূরবর্তী ল্যাবের উপর নির্ভরতা শেষ।

Share:

ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬: পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার খাস কলকাতাতেই চালু হলো অত্যাধুনিক জিনোমিক টেস্টিং ল্যাব।

সুরক্ষা ডায়াগনস্টিকের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে ‘সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স’ (SIG), যা ক্যানসার ও বিরল রোগ নির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন আনবে। এর ফলে বাংলার রোগীদের আর জটিল পরীক্ষার জন্য মুম্বাই বা দিল্লির মতো দূরবর্তী শহরে ছুটতে হবে না। এতদিন পর্যন্ত উন্নত জিনোমিক পরীক্ষার জন্য রোগীদের নমুনা পাঠাতে হতো ভিন রাজ্যের ল্যাবরেটরিতে। এতে শুধু সময় নষ্টই হতো না, সংকটজনক রোগীদের চিকিৎসায় বড় বাধা হয়ে দাঁড়াতো। এখন কলকাতার মাটিতেই আন্তর্জাতিক মানের জিনোমিক প্রোফাইলিং ও ডায়াগনস্টিকস পরিষেবা পাওয়া যাবে, যা দ্রুত এবং নির্ভুল রোগ নির্ণয়ে সহায়ক হবে। বিশেষ করে ক্যানসার চিকিৎসায় এই পরিষেবা নতুন আশা দেখাচ্ছে। ‘সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স’-এর লিড জেনেটিক কাউন্সেলর ডা. এমিলি ভট্টাচার্য জানিয়েছেন, এখানে শত শত ক্যানসার জিন কভার করে কম্প্রিহেনসিভ প্রোফাইলিং সম্ভব।

ফুসফুস, কোলরেক্টাল, স্তন সহ বিভিন্ন ক্যানসারের জন্য ‘৫০-জিন সলিড টিউমার প্যানেল’ টেস্টের রিপোর্ট মাত্র তিন দিনের মধ্যে পাওয়া যাবে। টার্গেটেড থেরাপি এবং বিআরসিএ টেস্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও এখন হাতের মুঠোয়। ক্যানসার ছাড়াও প্রসূতি ও শিশু চিকিৎসাতেও এই ল্যাব বিরল জিনগত রোগের কারণ নির্ণয়ে বড় ভূমিকা রাখবে।