ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর ২০২৬: ফ্যাশনের ময়দানে করিনা কাপুর খানের জুড়ি মেলা ভার! কখনও সাবেকি সাজ, কখনও ওয়েস্টার্ন লুকে অনুরাগীদের মুগ্ধ করেন বলিউডের এই অভিনেত্রী। এবার নেভি ব্লু পোলকা ডট স্যুটে তাঁর নজরকাড়া উপস্থিতি নিয়ে শুরু হয়েছে চর্চা। ফর্মাল পোশাকেও যে গ্ল্যামারের ছোঁয়া দেওয়া যায়, তা আরও একবার প্রমাণ করলেন সইফ আলি খানের স্ত্রী।
সম্প্রতি মুম্বইয়ে বৈদ্যুতিক গাড়ি MINI Cooper SE-র উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন করিনা। তাঁর পরনে ছিল নেভি ব্লু রঙের সিঙ্গল-ব্রেস্টেড ব্লেজার এবং ম্যাচিং ওয়াইড-লেগ ট্রাউজার। গোটা পোশাকজুড়ে সাদা পোলকা ডট ডিজাইন সাজে এনেছিল রেট্রো আমেজ। ভিতরে ছিল সাদা শার্ট, যা খানিকটা খোলা রেখেছিলেন অভিনেত্রী।
স্টাইলিস্ট লক্ষ্মী লেহরের সাজানো এই লুকের অন্যতম আকর্ষণ ছিল তাঁর হিরের নেকলেস। সঙ্গে দামি ঘড়ি, আংটি, কালো সানগ্লাস এবং কালো-ক্রিম রঙের পয়েন্টেড হিলস। সোজা করে আঁচড়ানো চুল, হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিকে সাজ সম্পূর্ণ করেছিলেন করিনা।
আসলে পোলকা ডট এমন একটি ফ্যাশন ট্রেন্ড, যা কখনও পুরনো হয় না। করিনার এই লুক ফের বুঝিয়ে দিল, ক্লাসিক স্টাইলেই লুকিয়ে থাকে আসল আভিজাত্য!









