ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬ : বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিভ্রাট। বৃহস্পতিবার রাত থেকে আউটলুক, ইমেল সহ একাধিক পরিষেবা ব্যবহারে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে ভারতের বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া সহ একাধিক সংস্থার কাজকর্মেও প্রভাব পড়েছে।
মাইক্রোসফটের পরিষেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিভিন্ন সংস্থার গ্রাহক পরিষেবা বিভাগ। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ইমেল পরিষেবায় সমস্যার কারণে যাত্রীরা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় ইমেল নাও পেতে পারেন। তাই আপাতত সংস্থার ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের বিমান চলাচল বা যাত্রীদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বড় কোনও প্রভাব পড়েনি। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে সংস্থা।
শুধু বিমান পরিষেবাই নয়, এই বিভ্রাটের প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ সংস্থা এবং সরকারি ডিজিটাল পরিষেবাতেও। অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর ও ফিলিপিন্সের মতো দেশ থেকেও পরিষেবা সংক্রান্ত সমস্যার খবর সামনে এসেছে।
পরিস্থিতি সামাল দিতে বহু সংস্থা আপাতত ইমেল ও আউটলুকের পরিবর্তে ফোন এবং বিকল্প অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন কাজকর্মে প্রযুক্তির নির্ভরতা কতটা, মাইক্রোসফটের এই বিভ্রাট যেন আরও একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।









