ব্যুরো নিউজ, ১৩ নভেম্বর ২০২৬: বক্সা টাইগার রিজার্ভের এক বাঘিনিকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বন দফতরে।
জানা গিয়েছে, বাঘিনিটি বর্তমানে চুনিয়া ঝোরা নদী সংলগ্ন এলাকায় রয়েছে, যা ভুটান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই পরিস্থিতি বাঘিনির গতিবিধি নিয়ে বনকর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাঘিনি যদি ভুটানের জঙ্গলের দিকে চলে যায়, তবে তাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হবে।
অন্যদিকে, প্রায় ১২-১৫ কিলোমিটার দূরে রয়েছে সংকোশ নদী। এই নদী পেরোলেই শুরু হবে অসমের বিস্তীর্ণ জঙ্গল। সেখানেও বাঘিনির প্রবেশ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এই দুই সম্ভাবনার কথা মাথায় রেখে বন দফতর বিশেষ সতর্কতা অবলম্বন করছে। ভুটান সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে এবং প্রচুর বনকর্মীকে মোতায়েন করা হয়েছে। বাঘিনীকে আটকে রাখার জন্য কুনকি হাতি এবং ব্যান্ড পার্টিও প্রস্তুত রাখা হয়েছে। বাঘিনী যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে যেতে না পারে, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা।
প্রসঙ্গত, এই বাঘিনিকে প্রথমে বিহার থেকে ধরে বক্সায় আনা হয়েছিল। পরে সে অসমের দিকে চলে গেলেও, ঘুমপাড়ানি গুলিতে তাকে ফিরিয়ে আনা হয়। সূত্রের খবর, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল এবং গর্ভে তার তিনটি ভ্রূণ নষ্ট হয়ে গেছে। তবে বাঘিনীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে বনমন্ত্রী অবগত ছিলেন না বলে জানা গেছে।









