ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: বিমানবন্দরে উষ্ণ আলিঙ্গন, তারপরই গঙ্গার বুকে নতুন ইতিহাস! বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে তৈরি ছয় লেনের বিশাল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বৈশালী জেলায় উদ্বোধন হল বহু প্রতীক্ষিত ‘নীতীশ সেতু’। এই সেতুর হাত ধরে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে।
প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯.৭ কিলোমিটার। এর মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য প্রায় ৯.৭৬ কিলোমিটার। এটি পটনার কাচ্চি দরগাহ থেকে বৈশালীর বিদুপুরকে সংযুক্ত করেছে। গঙ্গার উপর তৈরি এই ছয় লেনের কেবল-স্টেইড সেতু চালু হলে মহাত্মা গান্ধী সেতু এবং জেপি সেতুর উপর যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের আগে পটনা বিমানবন্দরে নীতীশ কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। দু’জনের উষ্ণ আলিঙ্গনের মুহূর্তও নজর কেড়েছে রাজনৈতিক মহলের। পরে সেতুর উপর দিয়ে হেঁটে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং উপস্থিত জনতার উদ্দেশে গামছা নাড়িয়ে অভিবাদন জানান।
এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহণ এবং আঞ্চলিক অর্থনীতিতেও নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।









