ব্যুরো নিউজ, ২১ নভেম্বর ২০২৬: উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন! নতুন রেললাইন নির্মাণ, ডাবল লাইন সম্প্রসারণ, স্টেশন আধুনিকীকরণ থেকে শুরু করে রেলপথের বিদ্যুতায়ন—একাধিক প্রকল্পের কাজ চলছে জোরকদমে। লক্ষ্য একটাই, উত্তর-পূর্বের প্রত্যন্ত এলাকাগুলিকে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আরও দ্রুত ও সহজে যুক্ত করা।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে ২৭টি প্রকল্পের কাজ অনুমোদিত হয়েছে। মোট ২,১৮৪ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পগুলির আনুমানিক ব্যয় ৭৬,৬৩১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ১৪টি নতুন রেললাইন, দুটি গেজ পরিবর্তন এবং ১১টি রেললাইন ডাবল করার প্রকল্প। ইতিমধ্যেই বেশ কিছু অংশে কাজ সম্পন্ন হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জিরিবাম-ইম্ফল, ডিমাপুর-কোহিমা এবং শিবক-রংপো রেলপথ নির্মাণে। পাশাপাশি অসম ও উত্তর-পূর্বের বিভিন্ন অঞ্চলে রেললাইন সম্প্রসারণের কাজও চলছে।
যাত্রী পরিষেবার উন্নতিতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে উত্তর-পূর্বের ৬০টি স্টেশনকে আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ প্রায় ২,১০১ কোটি টাকা। অন্যদিকে, রেলপথের বিদ্যুতায়ন ও নিরাপত্তা ব্যবস্থাতেও জোর দেওয়া হচ্ছে।
রেল যোগাযোগের এই সম্প্রসারণ পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে বলেই আশা করা হচ্ছে।









